মেসিহীন চ্যাম্পিয়ন মায়ামির বিদায়

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫৯ এএম

সেই কোপা আমেরিকার পর থেকে মাঠে নেই ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাকে ছাড়াই লিগস কাপ খেলতে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে। কিন্তু চোটাক্রান্ত প্রাণভোমরাকে ছাড়া ইন্টার মায়ামির শক্তিমত্তা কোন পর্যায়ের সেটিই প্রমাণিত হলো আরও একবার। মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন দল কলম্বাস ক্রুর কাছে নতিস্বীকার করতে হলো। ৩-২ গোলের হারে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টের শেষ ষোলো পর্যায় থেকে বিদায় নিয়েছে মায়ামি।

অথচ গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে এই টুর্নামেন্টের শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। তবে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি মেসি।

বুধবার সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর শুরুটা হয়েছিল একেবারেই ম্যাড়মেড়ে। সেই সুযোগে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে এগিয়ে থাকা মায়ামি যখন বিজয়স্বপ্নে বিভোর তখনই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখেন এমএলএস চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর ফুটবলাররা। ১২ মিনিটের তাণ্ডবময় নৈপুণ্যে ৩ গোল উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কলম্বাস। ২ গোলে পিছিয়ে থাকা কলম্বাসের ২টি গোলই শোধ করতে সময় লাগে মাত্র ২ মিনিট। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ৭৯ মিনিটে রসি নিজের দ্বিতীয় গোল করে জয়ের বন্দরে নিয়ে যান তার দলকে।

এমন ম্যাচের শেষে কলম্বাস ক্রু কোচ উইলফ্রেড ন্যানসি বলেন, ‘অনেকদিন পর আমরা এমন কঠিন মুহূর্তের সামনাসামনি হলাম। আর ম্যাচের ফল আমাদের জন্য বড় প্রেষণা যে আমরা কখনো হারার আগে হাল ছাড়ি না। আমাদের এই হাল না ছাড়ার দর্শন নিয়েই আমি খুশি।’ কোয়ার্টার ফাইনালে নিউ ইয়র্ক এফসির বিপক্ষে লড়বে কলম্বাস।

এমএলএস চ্যাম্পিয়ন কলম্বাসের বিপক্ষে নকআউট ম্যাচটি মেসিহীন মায়ামির জন্য ছিল অগ্নিপরীক্ষার শামিল। নিজেদের সামর্থ্য প্রমাণের ম্যাচে দারুণ প্রদর্শন করলেও শেষ হাসি হাসতে পারেননি সুয়ারেজ-বুসকেটস-আলবারা। মায়ামি বস জেরার্দো টাটা মার্তিনো অবশ্য শিষ্যদের নিয়ে হতাশ নন, ‘আমার মনে হয় প্রথম ৬৫ মিনিট আমরা দুর্দান্ত খেলেছি। এই সময়ে অন্তত আরও একটি গোল হতে পারত। আর ওই ১০ মিনিটে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। এ ম্যাচের ফল নিয়ে আমি দুঃখিত।’

গত মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই একটি শিরোপাই জিতেছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে লুইস সুয়ারেজ দলে যোগ দেওয়ার পর আরও শিরোপা জেতার প্রত্যয় দেখিয়েছিল ক্লাবটি। যার প্রথমটিই হাতছাড়া হয়ে গেল হেরনসদের। নির্দিষ্ট সময় জানা না গেলেও ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের আগে ফেরার সম্ভাবনা নেই ৩৭ বছরের এ অধিনায়কের। আগস্টের ২৫ তারিখ সিনসিনাতি  এবং ১ সেপ্টেম্বর শিকাগোর বিপক্ষে এমএলএসের ম্যাচেও তাই মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে ইন্টার মায়ামিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত