প্রথমবার স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম পাচ্ছে আয়ারল্যন্ড

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ চমক দেখিয়ে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। কিন্তু এই টেস্ট খেলুড়ে দলটির এখনো কোনো স্থায়ী স্টেডিয়াম নেই! অবকাঠামোগত কারণে তাদের ক্রিকেটের অগ্রগতি বাধাগ্রস্থ হয়ে আসছিল। তবে এবার সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে। একটি স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের অনুমতি দিয়েছে আইরিশ সরকার।

আয়ারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড মিলিয়ে দেশটিতে এখন ৪টি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু আছে। কিন্তু একটাও ক্রিকেটের জন্য স্থায়ী নয়। সবগুলোই মূলত ক্লাবের মাঠ, সেখানে দর্শক বসার স্থায়ী ব্যবস্থা নেই। আন্তর্জাতিক ম্যাচের সময় অস্থায়ী আসনের ব্যবস্থা করা হয়। তাই একটা স্থায়ী স্টেডিয়াম খুব প্রয়োজন ছিল আইরিশদের জন্য।

২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সেই আসর সামনে রেখে নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে আইরিশ সরকার। ডাবলিনের উপকণ্ঠ ব্লাডচার্ডসটাউনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে গড়ে তোলা হবে এই ক্রিকেট স্টেডিয়াম, থাকবে একটি হাই পারফরম্যান্স সেন্টার।

বেশ কয়েকটি ধাপে স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা। ২০২৮ সাল নাগাদ মূল স্টেডিয়ামের কাজ শেষ হবে। ইনডোর ও আউটডোর, দুই ধরনের অনুশীলনের ব্যবস্থাই থাকবে। আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘এই দিনটির গুরুত্ব আমাদের আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ার দিনটির মতোই। আমাদের জাতীয় ক্রিকেটার ও রাজ্য ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে খেলতে প্রস্তুত হতে, অনুশীলন করতে ও পারফর্ম করতে দারুণভাবে সহায়তা করবে নতুন এই স্টেডিয়াম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত