পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপর গুলি ও বোমা বর্ষণের অভিযোগে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফসহ ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বেশিরভাগই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন। এতে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সাবেক সাংসদ গালিবুর রহমান শরীফকে। এছাড়া তার ভাই শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ইছহাক মালিথাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেককেই আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
