পাকিস্তানে জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়ের জন্য তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে দায়ী করেছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ। তিনি বলেছেন, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারই আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেশে ফিরিয়ে এনেছে।
শুক্রবার (১৬ আগস্ট) লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মূল্যবৃদ্ধি পিটিআই সরকারের সময় থেকেই শুরু হয়েছিল দাবি করে নওয়াজ শরীফ বলেন, ২০১৭ সালের দিকে মানুষের সহজ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের সঙ্গে মূল্যবৃদ্ধির কোনো সমস্যা ছিল না। তার সরকার অর্থনীতি নিয়ে কাজ করেছিল। তখন বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিতে পরিণত হয়েছিল। সে সময় পুরো বিশ্ব পাকিস্তানের উদীয়মান অর্থনীতির প্রশংসা করেছিল।
এর আগে তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, ছেলের কাছ থেকে বেতন নেননি বলেই তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, এটি একটি রসিকতা। তিনি প্রশ্ন তোলেন, একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার এটা কি যৌক্তিক কারণ ছিল?
‘যিনি আইএমএফকে পাকিস্তানে ফিরিয়ে এনেছিলেন সেই একই ব্যক্তি (ইমরান খান) যিনি বর্তমানে কারাগার থেকে কথা বলছেন,’ বলেন পিএমএল-এন প্রধান।
পিএমএল-এনের শীর্ষ নেতা বলেন, আমরা তিন বছরে বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠেছি। ২০১৭ সালে একজন সাধারণ মানুষের বিদ্যুৎ বিল ছিল ১৬০০ টাকা, যা এখন ১৮,০০০ টাকায় উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, তার আমলে ব্যাংকের সুদের হার প্রায় ৫ শতাংশ থাকলেও পিটিআইয়ের শাসনে তা বেড়ে ২২ শতাংশে উন্নীত হয়েছে।
পিএমএল-এন নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, সাবেক প্রধানমন্ত্রী আবারও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। নওয়াজ রফতানি বাড়িয়ে ডলার ১০৪ রুপিতেই রাখেননি এবং এই ‘কৃত্রিম বিনিময় হার’ বজায় রাখতে দেশের ৩০ বিলিয়ন ডলার ব্যবহার করেছেন।
তিনি আরও বলেন, নওয়াজের এই পদক্ষেপের ফলে ২০১৭ ও ২০১৮ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার এই সংকটের বিষয়টি কাটিয়ে উঠে, যা অর্থনীতিকে ৬ শতাংশ প্রবৃদ্ধিতে ফিরিয়ে এনেছে।
