ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ফুটবল মাঠের বাইরে ছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কোপা আমেরিকায় তাকে ছাড়া ভুগেছে ব্রাজিল। ইদানিং তিনি টুকটাক অনুশীলন শুরু করেছেন। মাঠে ফিরতে আরও ঢের দেরি। সেই নেইমার এবার ফুটবল নয়, অন্য বিশ্বকাপ খেলতে নামছেন। সব ঠিক থাকলে নেইমারকে ই-স্পোর্টস বিশ্বকাপে খেলতে দেখা যাবে।
সৌদি আরবে এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার এমনিতেই গেমিং ভালবাসেন। ফুটবল খেলার ফাঁকে প্রায়ই তাকে গেম খেলতে দেখা গেছে। এবার তিনি ই-স্পোর্টস বিশ্বকাপে একটি প্রদর্শনী লড়াইয়ে অংশ নেবেন। জানা গেছে, ই-স্পোর্টস বিশ্বকাপে তিনটি আলাদা গেম খেলবেন নেইমার। এগুলি হলো- কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন।
গত বছর পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। এর পরপরই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি আট মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন। এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে সাধারণত এক বছরের মতো সময় লাগে। নেইমার হয়তো এই বছরের শেষদিকে মাঠে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইপিএলে দারুণ শুরুর অপেক্ষায় লিভারপুল কোচ স্লট
ম্যানইউর জয় দিয়ে শুরু প্রিমিয়ার লিগ