বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না ড. মাসরুর রিয়াজ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:০০ পিএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি ড. এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। তবে ড. রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা জানিয়েছেন।

আজ শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অপারগতার কথা জানান।

বিএসইসির চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়ে মাসরুর বলেন, এই মুহূর্তে তিনি শুধু অর্থনীতিবিদ হিসেবেই কাজ করতে চান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসাবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের প্রচেষ্টায় নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত মঙ্গলবার (১৩ আগস্ট) মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত