‘মুক্তিযোদ্ধা কোটায় চাকরির পরিমাণ প্রকাশ করা হবে’

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

মুক্তিযোদ্ধা কোটায় কী পরিমাণ চাকরি হয়েছে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা কোটায় কী পরিমাণ চাকরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত ও কারা কারা মুক্তিযোদ্ধা সবকিছু জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিক অর্থে ঘটনাটা কী হয়েছে। মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে, নানাভাবে হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে যারা আসল তারা থাকবে এবং যাদের প্রমাণ পাব না তাদেরকে বাদ দেওয়া হবে।

রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে শাস্তিও পেতে হবে বলে জানান এ উপদেষ্টা। পরে উপদেষ্টা নগরীর কোতোয়ালী থানা পরিদর্শন করেন এবং সেখানে পুড়ে যাওয়া স্থাপনা ঘুরে দেখেন। থানার পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও সিএমপি কমিশনার সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত