পদত্যাগের দাবিতে জাবি উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের পদত্যাগের দাবিতে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবি জানান এবং পদত্যাগ না করা পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, গত ১৫ জুলাই রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ বর্বর হামলা চালায়। ওই হামলায় ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি জড়িত ছিল। ওই ঘটনার প্রতিবাদে গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের দাবি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। ইতিমধ্যে উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) ও প্রক্টরসহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। বাকি ছিল উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষ, তারা পদত্যাগ করেননি। আমরা তাদেরও পদত্যাগের দাবি জানিয়েছিলাম। তাই আমরা আজকে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন আমরা তালা ঝুলিয়ে রাখব।’

এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেন। পরে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পদত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত