বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম এবারও ৬৭তম

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

কনটেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দর এবারও ৬৭তম অবস্থানে। বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় গত বছরও চট্টগ্রাম বন্দরের অবস্থান একই ছিল। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দার মধ্যে দেশে আমদানি রপ্তানি বাণিজ্য সঠিক পথেই ছিল। আর এরই প্রতিফলন ঘটেছে বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়’ডসের তালিকায়। বিশ্বের শীর্ষ বন্দরগুলোর কনটেইনার হ্যান্ডেলিংয়ের ওপর এই তালিকা করে থাকে লয়’ডস। 

গত বছরের ডিসেম্বর পর্যন্ত হ্যান্ডেলিংকৃত কনটেইনারের ওপর নির্ভর করে এই তালিকা করা হয়েছে। গত বছর ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ একক কনটেইনার হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর। এর আগে ২০২২ সালে ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ একক কনটেইনার হ্যান্ডেলিং করে ৬৭তম অবস্থানে ছিল।

এদিকে অবস্থান একই থাকায় চট্টগ্রাম বন্দরের ইমেজ বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা। ডলার সংকটের মুখে গত কয়েক বছর ধরেই বিপর্যয়কর অবস্থায় রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। নানাভাবেই চেষ্টা হয়েছে আমদানির লাগাম টানার। তার প্রতিক্রিয়া যেমন রপ্তানিতে পড়েছে, তেমনি পড়ছে বন্দরের পণ্য উঠানামাতেও।

বিশ্ব সমুদ্র বাণিজ্যে লয়’ডসের এই তালিকাকে সক্ষমতার মাপকাঠি বিবেচনা করে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো। বিগত ২০০৯ সালে প্রথমবারের মতো ৯৮ তম স্থান নিয়ে তালিকায় উঠে আসা চট্টগ্রাম বন্দর ২০২১ সালে ৬৪ তম স্থান দখল করেছিল। এদিকে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর ও দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর।

কনটেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দর ২০১২ সালে ৯০ তম, ২০১৪ সালে ৮৭ তম, ২০১৫ সালে ৭৬ তম, ২০১৬ সালে ৭১ তম, ২০১৭ সালে ৭০ তম, ২০১৮ সালে ৬৪ তম, ২০১৯ সালে ৫৮ তম, ২০২০ সালে ৬৭ তম, ২০২১ সালে ৬৪ তম অবস্থানে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত