কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত। ইতিমধ্যে সেই চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে সরব হয়েছেন সাধারণ জনতা থেকে শুরু করে টলিউড ও বলিউডের শিল্পী-নির্মাতারা।
এরমধ্যেই এই ইস্যু নিয়ে এক মন্তব্য করে রোষানলে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’র উপস্থাপক সৌরভ গাঙ্গুলি। তিনি এক সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমার মনে হয় না একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনও কিছুই নিরাপদ নয়, এটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’
সৌরভের এই মন্তব্যের জেরেই তুমুল অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করেন স্বস্তিকা। অভিনেত্রী প্রকাশ্যে জানালেন, ‘‘দাদাগিরি’তে কোনোদিন যাবো না।’’ সম্ভবত দাদার পক্ষে ডাক আসেনি! ফলে অনেকেই বিষয়টিকে ‘অভিমান’ বলে ভেবে বসবেন। অথচ বিষয়টিতে বহন করছে শতভাগ ‘ক্ষোভ’!
আরজি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব অভিনেত্রী। আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করায় সৌরভের প্রতি স্বস্তিকার এই অস্বস্তি প্রকাশ।
স্বস্তিকা লিখেছেন, ‘‘আমি কোনোদিন ‘দাদাগিরি’তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবো না। দুর্ঘটনাবশত যাবো না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাবো না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়। আর অবশ্যই এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদে নেই। কোনও রাজ্যেই নয়। এই দুই কাজ— ধর্ষণ ও খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝেই করেছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।”
নাম না উল্লেখ করে পোস্টের শেষে সৌরভের প্রতি স্বস্তিকার কটাক্ষ, ‘আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।’
এই ঘটনা নিয়ে পর পর সোশ্যাল হ্যান্ডেলে আরও পোস্ট করছেন স্বস্তিকা। সরাসরি সরকারের উদ্দেশে তিনি লিখেছিলেন, ‘ক্রোধ, অসহায়তা, ভয়— এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে থেকে চলে না যায়, যতক্ষণ পর্যন্ত আমরা আবার নিরাপদ বোধ না করছি। সরকারের এবার জেগে ওঠা উচিত। আরও কঠিন আইন, কঠিন শাস্তি প্রয়োগ করা উচিত নিরাপত্তা রক্ষার জন্য। আমাদের বিচার চাই। এখনই চাই।’
বলিউডের শিল্পীরা ‘স্টুপিড’, আমি তাদের মতো নই: কঙ্গনা
হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা