৪ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নাঙ্গলকোটের নিম্নাঞ্চল

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

টানা চার দিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের নিম্নাঞ্চল। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনসাধারণ। বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও চাষের মাছ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট ও যেখানে-সেখানে রাস্তার কালভার্ট বন্ধ করে নতুন বাড়ি তৈরির ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি।

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টিতে উপজেলার সাতবাড়িয়া ইউপি, মৌকরা, ঢালুয়া, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, বাংগড্ডা, মক্রবপুর, হেসাখাল, আদ্রা উত্তর ও দক্ষিণ, জোড্ডা পশ্চিম, দৌলখাঁড় ও বক্সগঞ্জ ইউপির প্রায় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার সড়কের পাশাপাশি ধানি জমিও ডুবে গেছে। পানি ঢুকেছে বসতবাড়িতে। সেই সঙ্গে পুকুর ও চাষের প্রজেক্ট থেকে চলে গেছে মাছ। লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষিরা।

এ বিষয়ে দৌলখাঁড় ইউপির পাইকোট গ্রামের মাছ চাষি বাবর ভূঁইয়া বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে। পানি ঢুকেছে বাড়িতে। সেই সঙ্গে চাষের পুকুর ভেসে প্রায় ২ লাখ টাকার মাছ চলে গেছে।’

সাতবাড়িয়া ইউপি সদস্য নূরে আমল বলেন, ‘যেখানে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তার কালভার্ট বন্ধ করে নতুন বাড়ি তৈরির ফলে পানি নিষ্কাশন হয় না। তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’

মক্রবপুর গ্রামের বাসিন্দা রাজু বলেন, ‘অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট করায় পানি সরতে পারে না। তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশে পানি উঠে গেছে।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি দেশ রূপান্তরকে বলেন, ‘নাঙ্গলকোটের প্রায় এলাকায় পানি উঠেছে।  বিভিন্ন সড়কের পাশে কালভার্ট বন্ধ থাকায় পানি সরতে পারেনি। ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে আসছে। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি কালভার্টগুলো খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত