যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার প্রায় এক মাস পর আবার খোলা আকাশের নিচে নির্বাচনী সমাবেশে আসছেন তিনি। বুধবার (২১ আগস্ট) নর্থ ক্যারোলিনার একটি বিমান জাদুঘরে স্থানীয় সময় বিকেলে এই সমাবেশ হবে। সমাবেশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিন ট্রাম্প যেখানে দাঁড়িয়ে ভাষণ দেবেন, সেই পোডিয়ামের চারপাশ বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ট্রাম্প শিবিরের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কাছেই আরেকটি বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে গুলি করা হয়। গুলি ট্রাম্পের কানে লাগে। সমাবেশে অংশ নিতে আসা ট্রাম্পের সমর্থক গুলিবদ্ধ হয়ে মারা যান।
ওই ঘটনার পর সিক্রেট সার্ভিস ট্রাম্পকে নিরাপত্তার কারণে বাইরে নির্বাচনী সমাবেশ আয়োজন বন্ধ রাখতে পরামর্শ দিয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প আরও প্রায় এক ডজন নির্বাচনী সমাবেশ করেছেন। কিন্তু সবই বদ্ধ জায়গায়। তবে ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন, তিনি খোলা জায়গায় সমাবেশ আয়োজন করতে চান।
গত ৩১ জুলাই পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বাইরে খোলা আকাশের নিচে নির্বাচনী সমাবেশ আয়োজনের আশা এখনো ছাড়িনি।’ ৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
সন্তানের গৃহশিক্ষকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীকে খুন