এবি পার্টিকে নিবন্ধন দিল ইসি, প্রতীক ঈগল

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম

রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর ৫০।

সম্প্রতি এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে জারি করা রুল চূড়ান্ত করে সোমবার (১৯ আগস্ট) নিবন্ধন দেওয়ার রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ।

সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি দলটির যুগ্ম আহ্বায়ক। ২০২৩ সালের ৩১ আগস্ট দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই রুল জারি করেন। একই বছরের ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করতে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যে কোনো দলকে কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় একটি কেন্দ্রীয় কার্যালয়, কমপক্ষে এক তৃতীয়াংশ জেলা কার্যালয় ও কমপক্ষে ১০০টি উপজেলা কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়, যার প্রত্যেকটি কমিটিতে অন্তত ২০০ ভোটার সদস্য থাকতে হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে ২০২৩ সালে নতুন দলের নিবন্ধন নিতে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। সে সময় নিবন্ধন পেতে আবেদন করে এবি-পার্টি। প্রাথমিক বাছাইয়ে টিকে গেলেও চূড়ান্ত বাছাইয়ে তথ্যে সঠিকতা না থাকার অভিযোগে তালিকা থেকে বাদ পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত