জামালপুর শহরের সড়কজুড়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। মশা-মাছির উপদ্রব বেড়েছে কয়েকগুণ। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
পৌর কর্তৃপক্ষ জানায়, জামালপুর পৌর শহরের ময়লা ফেলার জন্য কম্পপুর এলাকায় দশ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে স্যানেটারি ল্যান্ডফিল। এখানে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ময়লা-আর্বজনা ফেলার কথা। কিন্তু পৌর কর্তৃপক্ষের অবহেলায় ময়লা-আর্বজনা শহরের আনাচে-কানাচে, সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই স্যানেটারি ল্যান্ডফিলে ময়লা-আবর্জনা নেই। সব ময়লা রাস্তায় পড়ে আছে। এতে দুর্গন্ধ আর মশা-মাছির অভয়াশ্রমে পরিণত হয়েছে রাস্তা। এলাকাবাসী এতে অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পৌরসভার গাড়িতে করে ময়লা-আবর্জনা এনে রাস্তায় ফেলা হয়। কিছু বলতে গেলে তারা খারাপ আচরণ করে এবং হুমকি দেয়। ময়লা-আবর্জনার গন্ধে ঘরবাড়িতে বসবাস করা দায় হয়ে পড়েছে। এসব ময়লা-আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।
এ প্রসঙ্গে পৌরসভার সহকারী প্রকৌশলী ফয়সাল হোসেন বকশী বলেন, ‘পৌরসভার ময়লা-আর্বজনা ফেলার স্যানেটারি ল্যান্ডফিল রয়েছে। আমরা সেখানে পৌরসভার ময়লা-আর্বজনা ফেলা শুরু করেছি। এতে শহরে যে ৫০ টনের বেশি ময়লা জমে থাকত, সেটা আর থাকবে না।’ শহরের আনাচে-কানাচে ময়লা-আর্বজনা পড়ে থাকার বিষয়টির জন্য নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেন তিনি।
