দিনশেষ হওয়ার বেশ আগে ভাগে পাকিস্তানের ইনিংস ঘোষণার একটিই কারণ। শেষ বিকেলের আলো-আঁধারে কিছু উইকেট তুলে নেওয়া। তবে বাংলাদেশের দুই ওপেনার সেই ইচ্ছা পূর্ণ হতে দেননি। ১২ ওভার ঠায় ক্রিজে দাঁড়িয়ে থেকে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
পাকিস্তানের চেয়ে প্রথম ইনিংসে এখনও পিছিয়ে আছে ৪২১ রানের ব্যবধানে। জাকির হাসান ৪২ বলে ১১ এবং সাদমান ইসলাম ৩০ বলে ১২ রানে অপরাজিত আছেন।
এর আগে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। তবে তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি।
রিজওয়ান অপরাজিত ছিলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। তার আগে ১৪১ রানের ইনিংস খেলেন সৌদ শাকিল।
গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ সারা দিনে রাওয়ালপিণ্ডিতে ২টির বেশি উইকেট শিকার করতে পারেননি দুদলের বোলাররা।
বিশ্বকাপ সরে যাওয়ায় মেয়েদের ‘মন খারাপ’
অস্ট্রেলিয়ার শিক্ষাক্রমে যুক্ত হলো ক্রিকেট