এআই বৈশিষ্ট্য নিয়ে গুগল পিক্সেল ৯ প্রো সিরিজ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১৬ এএম

গুগল লঞ্চ করল বহু প্রতীক্ষিত পিক্সেল ৯ প্রো সিরিজ। ইনবিল্ট জেমিনি এআই বৈশিষ্ট্যসহ লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোন। অ্যাপল আইফোনের মতো গুগলও প্রতি বছর পিক্সেল সিরিজের নতুন ফোন আনে বাজারে। প্রতি মডেলেই থাকে নতুনত্ব। পিক্সেল ৯ সিরিজে কী ফিচার্স রয়েছে জেনে নিন।

এই সিরিজে একাধিক স্মার্টফোন রয়েছে। সব থেকে বড় আকর্ষণ জেমিনি এআই, যা চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য প্রকাশ করে গুগল। সেই চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার্স এই স্মার্টফোনে পাওয়া যাবে। রয়েছে ৮২ ডিগ্রি ভিউসহ অত্যাধুনিক ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

এই সিরিজে তিনটি স্মার্টফোন এনেছে গুগল। প্রথম পিক্সেল ৯ যার দাম ৭৯,৯৯৯ টাকা। দ্বিতীয় পিক্সেল ৯ প্রো যার দাম ১,০৯,৯৯৯ টাকা। আর পিক্সেল ৯ প্রো এক্সএল যার দাম ১,২৪,৯৯৯ টাকা। চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনগুলো। আনুষ্ঠানিকভাবে বিক্রি হবে ২২ আগস্ট থেকে। তবে প্রো মডেলগুলোর বিক্রি এখনই চালু করছে না গুগল। কিছু দিন পর জনসাধারণের জন্য ছাড়া হবে। অনলাইন ও অফলাইনে ফ্লিপকার্ট, ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে কেনা যাবে।

গুগল পিক্সেল ৯ সিরিজের ফিচার্স পিক্সেল ৯ মডেলে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার পাশাপাশি মিলবে ওলেড ডিসপ্লে প্যানেল। গুগলের তৈরি টেনসর জি৪ প্রসেসর দেওয়া হয়েছে, যা এআই মেশিন লার্নিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। ক্যামেরা পাওয়া যাবে পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ১০.৫ মেগাপিক্সেল। পেছনে একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এই মডেলে একগুচ্ছ এআই ফিচার্স রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪,৭০০ এমএএইচ। গুগল পিক্সেল ৯ প্রো সিরিজে পাবেন ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। এতে আবার ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৪২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে। প্রো এবং নন-প্রো দুই মডেলে একই ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছে গুগল। ফিচারে ঠাসা গুগল পিক্সেল ৯ সিরিজে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। তবে আরও একটি চমকপ্রদ ফিচার হলো, এই সিরিজের সব মডেলেই ৭ বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। যার মানে অ্যান্ড্রয়েড ২১ ভার্সন পর্যন্ত আপডেট পাবেন এই স্মার্টফোনগুলোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত