মুসলিমদের বিয়ে এবং বিচ্ছেদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে হাঁটতে চলেছে ভারতের আসাম সরকার। গত বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য সরকার শিগগির এই বিল নিয়ে আসবে যার নাম ‘আসাম কমপালসারি রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল।’
ইতিমধ্যেই তৈরি হয়েছে বিলের খসড়া। রাজ্যে যাতে বাল্যবিয়ের হার কমে সেই কারণে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ এই বিল মোতাবেক কেউ প্রাপ্তবয়স্ক না হলে রেজিস্ট্রেশন সম্ভব নয়। খবর এই সময়ের।
গত বুধবার আসাম ক্যাবিনেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত এই বিল পাস করে, যা শুক্রবার বিধানসভার বাদল অধিবেশনে পেশ করার কথা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা একটি বিল আনতে চলেছি যেখানে ১৮ অনুর্ধ্বরা বিয়ের রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। রেজিস্ট্রেশনের দায়িত্ব কাজিদের থেকে সাব রেজিস্ট্রারের হাতে স্থানান্তরিত হবে।
অর্থাৎ মুসলিম বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আর কাজিদের হাতে থাকছে না। রাজ্যের ওপর এই দায়িত্ব। হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের বিয়ের রীতি নীতি আলাদা। এ নিয়ে আমাদের বিলে কোনও উল্লেখ নেই। শুধুমাত্র বিয়ের রেজিস্ট্রেশন সরকারি কর্মকর্তা করবেন। তা বাদ দিয়ে হিন্দু বা মুসলিম বিয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
এদিকে আসামের একাধিক মুসলিম সংগঠন ‘কাজি প্রথা’ রাখার জন্য আবেদন জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মার কাছে। এই বিল আইনে পরিণত হলে বাল্য বিয়ে রেজিস্ট্রেশন সম্ভব হবে না।
ফেনীর পরশুরামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান