আশ্রয়কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৫:২৯ পিএম

বন্যা উপদ্রুত আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, শনিবার নোয়াখালীর কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদরাসা ও ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে।

আজ শনিবার সকালে নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর পর্যাপ্ত মজুদ থাকে। এ ছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মীদের জনগণকে সচেতন করার জন্য আরো দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণের কাছে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নেই।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়রত মানুষের সঙ্গে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ সাহায্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে নানা প্রকার সমস্যা বিদ্যমান। এ সব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সকলের সহযোগিতা একান্তই প্রয়োজন।

পরিদর্শনকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত