১৪ জন নিয়ে সোমবার থেকে ক্যাম্প কাবরেরার

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম

ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে নেই। ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে ম্যাচ খেলতে ৩০ আগস্ট যেতে হবে। এই অল্প সময়ের মধ্যে সব খেলোয়াড়কেও পাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আপাতত তাই যাদের পাচ্ছেন, তাদের নিয়েই ক্যাম্প শুরু করবেন তিনি।

বসুন্ধরা কিংস, আর বেশ কিছু খেলোয়াড় বর্তমানে নেপালে আছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশনে। বয়সভিত্তিক দল ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের তাই এ মুহূর্তে পাচ্ছেন না কাবরেরা। বর্তমানে তার হাতে আছে বাছাই করা ১৪ জন খেলোয়াড়, যারা লিগের অন্য ক্লাবগুলোয় খেলেন। তাদের নিয়ে সোমবার ক্যাম্প শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ। ২৩ জনের চূড়ান্ত দল দিতে চান পরে।

'আপাতত পরিকল্পনা হচ্ছে এই ১৪ জনকে নিয়ে ক্যাম্প শুরুর। বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ অগাস্টে চূড়ান্ত দল দিব' বলেছেন কাবরেরা।

ভুটানে গিয়ে মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বলতে গেলে নেই বাফুফের। তবে সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানালেন, চেষ্টা করবেন তারা।

১৪ জনের দল
গোলকিপার: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন; ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন; মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি জায়েদ আহমেদ; ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত