নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী আহমেদ সাদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল আরোহী শাকিল (২০) ।
সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের নীলা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদের ভগ্নিপতি গোলাম মর্তুজা শরীফ জানান, সাদ থাকেন কাফরুলের ইব্রাহিমপুর এলাকায়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে বিবিএ ২য় বর্ষের শিক্ষার্থী তিনি। রাতে বন্ধু শাকিলকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রূপগঞ্জের নীলা মার্কেট এলাকায়। খাবার খাওয়ার জন্য প্রায় সময়ই সেখানে যেতো সাদ। গতরাতে সেখান থেকে খাওয়া খেয়ে ফেরার সময় নীলা মার্কেট থেকে ২০০ গজ দূরেই রাস্তায় পড়ে থাকা বেরিগেড দেয়ার সরঞ্জামাদির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন তারা দুজন। এতে ঘটনাস্থলে মারা যান সাদ। তবে খবর পেয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। তবে আহত শাকিলের অবস্থা আশঙ্কামুক্ত।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সাদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের আইনানুগ ব্যবস্থা নিতে তারা শাহবাগ থানা পুলিশকে দায়িত্বভার দিয়েছে।
অসাম্প্রদায়িক দেশ গড়ব আমরা : সালাউদ্দিন
ছাত্র হত্যার আসামি ভারত সীমান্তে আটক