দুর্ঘটনার শিকার চবি শিক্ষার্থীদের ত্রাণবাহী গাড়ি, আহত ১২

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বন্যার্তদের সাহায্যের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ করে আসছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেয় বিভাগের শিক্ষার্থীরা। মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে ড্রাইভারের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে সামনের সিটে থাকা ২ শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ট্রাকের সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে বিভাগের শিক্ষার্থীদের সংগৃহীত তৃতীয় দিনের ত্রাণ ছিল।

পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আশিক সরকার বলেন, একটি টিম নোয়াখালী সেনবাগের উদ্দেশে রাত ৩টার দিকে রওনা হয়। মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জে ত্রাণবাহী ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। ৩ জন গুরুতর আহত হয়েছে আর বাকিরাও ব্যাথা পেয়েছে বিভিন্ন জায়গায়। সবাইকে চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত