নিউ মার্কেট থানার হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গতকাল বিকেলে ইনুকে আদালতে আনা হয়। রিমান্ড শুনানি কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তার বিরুদ্ধে সেøাগান দেন। আদালতে আনা-নেওয়ার সময় ইনুকে লক্ষ্য করে ডিম, জুতা ও ইটপাটকেল নিক্ষেপ করেন কিছু আইনজীবী। গত সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদ রিমান্ড আবেদন করেন। আবদুর রহমান নামে এক ব্যক্তি নিউ মার্কেট থানার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ। এ মামলায় ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ২৯ নম্বরে রয়েছে হাসানুল হক ইনুর নাম। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও পুলিশের সাবেক-বর্তমান শীর্ষ একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম নেতা। ২০০৮, ২০১৪, ২০১৯ সালের সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মেনন ফের রিমান্ডে : আদাবর থানায় করা একটি মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ২২ আগস্ট গুলশান এলাকা থেকে মেননকে গ্রেপ্তার করা হয়। আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা তাকে পাঁচ দিনের রিমান্ড নেয় পুলিশ। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট রুবেলকে হত্যার অভিযোগে তার বাবা রফিকুল ইসলাম এ মামলাটি করেন।
