কাশিমপুর কারাগারে দুই বন্দির মারামারি, একজনের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতর দুই বন্দির মধ্যে মারামারিতে হান্নান মিয়া (৪১) নামের এক বন্দি মারা গেছেন। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হান্নান কয়েদী হিসেবে বন্দি ছিলেন।

আজ বুধবার (২৮ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. আব্দুর রহিম জানান, বুধবার সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই বন্দি মারামারিতে জড়ায়। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত