তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:৫৫ পিএম

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সুর চড়াতে দেখা গেছে তাকে। আগামী ১ সেপ্টেম্বরের ‘মহামিছিল’-এর ১১ দফা দাবির কথাও জানিয়েছেন। ‘আমরা তিলোত্তমা, আমাদের দাবি’ শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যালে। এই উত্তাল পরিস্থিতিতে এবার শিল্পীদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী সোহিনী সরকার। 

ফেসবুক লাইভে সোহিনী এক নেটিজেনের প্রশ্নের সূত্র ধরে বলেন, ‘আমার মতে, কোনও শিল্পী যেকোনও রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনও পদে যেতে পারেন না। কোনও শিল্পীর এই ২০২৪ সালে কোনও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ, আমি একা পদে নেই। আমার উপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনও শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনও শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।’

তবে তারকাদের রাজনীতি যোগ নতুন কিছু নয়। পদে থাকার ঘটনাও চেনা প্রায় সকলেরই। কারণ, বিজেপি হোক কিংবা তৃণমূল – প্রত্যেক রাজনৈতিক দলেই তারকাদের পদে থাকার বহু উদাহরণ রয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ। এরপর থেকেই তার হত্য কাণ্ডের বিচার চেয়ে উত্তাল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত