ফেনী ও নোয়াখালী জেলায় বন্যাপীড়িত ২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা জজ আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ আগস্ট থেকে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। ১১টি জেলা প্লাবিত হয়েছে। বন্যায় জানমালের ব্যাপক ক্ষতির পাশাপাশি যোগযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সঙ্কট। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি নির্দেশনায় বন্যাকবলিত মানুষকে সহায়তার উদ্দেশ্যে ফেনী ও নোয়াখালী জেলার ২৫০টি বন্যাপীড়িত পরিবারকে আজ ত্রাণ সামগ্রী করা হয়।
এতে বলা হয়, বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫০০ গ্রাম খেজুর, ২ প্যাকেট হাই প্রোটিন বিস্কুট, ৪ লিটার বিশুদ্ধ পানি, ১ প্যাকেট নুডুলস, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার ভোজ্য তেল, স্যালাইনসহ ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি পরিবারের শিশুদের জন্য ১ প্যাকেট করে সুজি ও ১ লিটার করে পাস্তুরিত দুধ সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (কোর্ট কিপিং) আকরামুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. ওমর হায়দার ও কোর্ট কিপার মো. ইউনুছ খান।
সমন্বয়কদের নামে চাঁদাবাজি, দুদক থেকে বেরিয়ে যা বললেন সারজিস-হাসনাত