শন ইভান্স একজন পেশাদার রোলার কোস্টার রাইডার এবং ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। রোলার কোস্টার রাইডার হিসেবে প্রতিমাসে তিনি ৬ অঙ্ক আয় করেন, যা দিয়ে বিশ্ব ভ্রমণ এবং ইউটিউবে অ্যাডভেঞ্চার ভ্লগ করেন।
মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় ফিল্ড ট্রিপে অ্যালটন টাওয়ার্স রিসোর্টে নামে তিনি প্রথমবারের মতো রোলার কোস্টারে চড়েছিলেন। তখন তিনি এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে পরবর্তীতে দীর্ঘদিন রোলার কোস্টার এড়িয়ে চলেন। তবে করোনা মহামারী চলাকালীন তিনি থিম পার্কের বিভিন্ন ভিডিও দেখেন, যা রোলার কোস্টারে তার আগ্রহ বাড়িয়ে তুলে। পরে লিফট হিলস এবং থ্রিলস নামে নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি থিম পার্কে গিয়ে ভিডিওধারণ শুরু করেন।
স্কুলের ঘটনার পর উচ্চতার ভয় থাকা সত্ত্বেও ইভান্স ২০২১ সালের মে মাসে ফের রোলার কোস্টারে চড়েন। তখন ছয় ঘণ্টায় ৬৪ বার অ্যালটন টাওয়ারে নেমেসিস চালিয়ে রেকর্ড গড়েন তিনি।
সে ঘটনার বর্ণনা দিয়ে শন ইভান্স বলেন, ‘আমি এতটাই ভয় পেয়েছি যে এলোমেলো কথা বলছিলাম। ভয় কাটানোর জন্য আমার পাশের ব্যক্তিকে গালি দিচ্ছিলাম। এটি একটি ভয়ঙ্কর অনুভূতি ছিল, তবে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি।
‘আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আমার চ্যানেলটিকে দাঁড় করিয়ে দেবে এবং এর আগে অনেকে ৬৩ বার নেমেসিস চালিয়েছিল, তাই আমি ৬৪ করেছি, তিনি বলেন। ‘আমি মূলত একটি শখকে পুরো সময়ের চাকরিতে পরিণত করেছি। ভ্রমণ ও নিজেকে উপভোগ করার জন্য বেশ ভালো বেতন পাই, যা অনেকে স্বপ্ন মনে করবে,’ তিনি যোগ করেন।
তারপর থেকে ইভান্স প্রায় ৫০টি থিম পার্কে গিয়ে ১৩০টি রোলার কোস্টারে চড়েছেন। ২০২৩ সালে স্পেনের পোর্টঅ্যাভেন্তুরা ওয়ার্ল্ডে ইউরোপের সবচেয়ে উঁচু রোলার কোস্টার রেড ফোর্সে ১১২ মিটার উচ্চতায় চড়েছিলেন তিনি।
সময়ের সঙ্গে সঙ্গে শনের চ্যানেলটি বড় হয়েছে। তার চ্যানেলটিতে বর্তমানে ২০ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৭.২ মিলিয়ন ভিউ হয়েছে। তার চ্যানেলের সর্বাধিক দেখা উত্তর ইয়র্কশায়ারের কার্বি মিসপারটনের ফ্লেমিংগো ল্যান্ড রিসোর্টে ভেলোসিটি রাইডের ভিডিওটি প্রায় ৭ লাখ ভিউ এবং প্রায় ৩ হাজার পাউন্ড অর্জনে সহায়তা করেছে।
