সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির ও ডিমের দাম বেড়েছে। কাঁচামরিচ ও অন্যান্য শাকসবজির দাম কিছুটা কমেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম প্রতি ডজন ৫ টাকা বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়। আগের সপ্তাহের তুলনায় বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১০ টাকার মতো বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০-১৭০ টাকা; যা গতকাল ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আর সোনালি মুরগির দাম ২৪০-২৫০ টাকায় স্থিতিশীল রয়েছে। বিভিন্ন ধরনের মাছের দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি।
বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, বেগুনের কেজি ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, পটল ৩০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকায়, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও শসা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৫০ থেকে ১৬০ টাকা এবং গাজর ১৬০ টাকা। লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে ৮০ টাকা কমে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
বাজারগুলোতে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁই শাক ৩০ টাকা ও ডাটা শাকের আঁটি ২০ টাকা। সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ১২০ টাকা দরে এবং আলু কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
