কোটা সংস্কার আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারকে হাইয়েস্ট প্রায়োরিটি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। শহীদ পরিবার, যারা অসুস্থ রয়েছে তাদের প্রতি আমাদের সরকারের হাইয়েস্ট প্রায়োরিটি রয়েছে।
দুর্নীতি প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এই সরকারের বয়স বিশ দিন। আমার বয়স আরও কম। আমাদের আরেকটু সময় দেন। এখানে কোন দুর্নীতি হবে না। হঠাৎ করেই তো দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যায় না। তবে আমরা এমন সব ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে দুর্নীতি কমে যায়।
