নরসিংদীতে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

নরসিংদীতে ১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। তিনি নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য।। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, শনিবার (৩১ আগস্ট) রাত ১১ টায় লিজন তার বন্ধু বিল্লালকে নিয়ে শহরের বাসাইল এলাকার আরেক বন্ধু শামীমের বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ বসার পরে বিল্লালকে বাহিরে সিগারেট আনতে পাঠানো হয়। বিল্লাল ফেরার সময় লিজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, ‘আমরা শামীমদের বাড়িতে যাওয়ার সাথে সাথেই সে তার স্ত্রী ও বাচ্চাকে বাহিরে বের করে দেয়। সেখানে কিছুক্ষণ বসার পর আমি সিগারেট আনতে বাহিরে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে ফেরত আসতেই লিজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শামীম ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেই হত্যার সব কারণ বের হয়ে যাবে।’

নিহতের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পনা করে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

নিহতের ভাই রিমন মোল্লা বলেন, ‘ভাইয়ের সাথে শামীমদের বাড়ির কয়েকজনের বিরোধ ছিল। তারা ভাইকে মামলা দিয়ে হয়রানি করেছে। তারা এর আগে ও কয়েকবার হত্যার পরিকল্পনা করেছিল। গতকাল পরিকল্পনা করেই ভাইকে হত্যা করা হয়েছে। ভাইকে হাসপাতালে নেওয়ার পর এলাকায় ছড়ানো হয়েছে ডাকাত হামলা করেছে। তারা নিজেরাই ভাইয়ের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ঘটনা অন্যদিকে নিতে চেয়েছে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।’

নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ জানায়, লিজনকে রাতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের হাতে, পিঠে ও তলপেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানায়, লিজন মোল্লাকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এঘটনায় তদন্ত চলছে, দ্রুতই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত