চা চাষীদের ৮ দফা দাবি, কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চায়ের সবুজ পাতার ন্যায্য মূল্য নিশ্চিত, চা পাতার দাম কর্তন ও চা চাষীদের হয়রানি বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা চাষীরা। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষী ব্যানারে উপজেলার বিজয় চত্বর এলাকায় মানববন্ধন পালন করা হয়। এসময় দেবীগঞ্জ ডোমার সড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ জানান চাষিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পঞ্চগড়ের চা-কারখানা মালিকসহ সিন্ডিকেট চক্রটি চা চাষীদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে। তৈরি চায়ের দাম বাজারে থাকলেও কাঁচা চা পাতা বিক্রির সময় চাষীরা নায্য দাম পান না। অনলাইন নিলাম কেন্দ্র হয়েও কোনভাবে উপকৃত হচ্ছেন না তারা। ঋণের টাকায় চা বাগানের পরিচর্যা করছেন। কিন্তু কীটনাশকসহ শ্রমিক খরচ তারা তুলতে পারছেন না। অনেক চাষি দাম না পেয়ে গাছ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।’

মানববন্ধনে চা চাষী আবুল বাশার বসুনিয়া, আনোয়ার হোসেন বসুনিয়া, শাহিন আলম, আব্দুল লতিফ লিখন প্রমুখ বক্তব্য রাখেন। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন। 

চা চাষীদের ভূর্তুকির মাধ্যমে মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান, চায়ের দাম প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সুদ মুক্ত সহজ শর্তে ঋণ দেয়া, চায়ের আইন পরিবর্তন করাসহ ৮ দফা দাবি আগামী ১৫ দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিঁয়ারী উচ্চারণ করেন তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত