দুর্গাপূজায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব: জামায়াতের আমির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মতলববাজ দুষ্কৃতকারী সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে। সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে ফরিদপুর শহরতলির মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতিতে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন দিনের আলোয় ফরসা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে ওঠে।

তিনি আরো বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। যাতে কোনো মতলববাজ আমাদের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে। উলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

ফরিদপুর যাত্রাবিরতি পথসভায় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত