টাঙ্গাইলে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

টাঙ্গাইলে কলেজ ছাত্র তিজাউর রহমান, সিয়াম খান ও আরমান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন,’সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। আমরা আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই কোনো লাভ হবে না। যে রূপেই ফিরে আসেন না কেন আপনাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসের জায়গা এ দেশে আর হবে না।

বক্তারা আরও বলেন, রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল পৌর শহরের সিডিসি ক্লাবের পাশের খালপাড় গলিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন শিক্ষার্থী আরমান হোসেন। একই দিন বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের সময় কয়েকজন বখাটে ত্রাণের অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তিজাউর রহমান ও সিয়াম খানের উপর হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক যখম করে। পরে আশেপাশের লোকজন আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।’

এসময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত