দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে এই দুই নেতার ঢাকার বাসায় কারণ দর্শানোর নোটিশ পৌঁছানো হয়।
চিঠি পাওয়ার কথা দেশ রূপান্তরের কাছে স্বীকার করেছেন খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, ‘চিঠি পেয়েছি। যথোপযুক্ত জবাব দেব।’
খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অভিযোগ হলো সম্প্রতি তিনি ঢাকার গুলশানের একটি হোটেলে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে গোপন বৈঠক করেন।
এদিকে আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে গত বুধবার কক্সবাজারে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরে সালাহউদ্দিন আহমেদ গুলশানের বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘জানা ছিল না এটা এস আলমের গাড়ি। চেক করার সুযোগ ছিল না। এই খবরের বিভ্রান্তি ছড়িয়েছে। তারপরও আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে করে যাবো, সেটা তো আমি ঠিক করতে পারি নাই। যারা সংবর্ধনা আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে। বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে-এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না।’
তিনি বলেন, ‘এত দিন পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করব। পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোটভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। এই জন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছে।’
সালাহউদ্দিনের ঘনিষ্ট এক নেতা জানান, সালাহউদ্দিন আহমেদ চিঠি পেয়েছেন। এরপরই সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন। এখন নিয়ম অনুযায়ী চিঠির জবাব দেবেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন খোরশেদ আলম
মাসুদ বিন মোমেনের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র