রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের জয়ের লক্ষ্য থেকে ১৪৩ রান দূরে রয়েছে তারা। বাংলাদেশের হাতে অক্ষত আছে ১০ উইকেটের সবকটি। প্রকৃতি বিরূপ না হলে ইতিহাস গড়ার খুব কাছেই টাইগাররা।
তবে সেই জয়ের পথে বড় বাধা হয়ে দাড়াতে পারে প্রকৃতি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরোটাই গিয়েছিল বৃষ্টির পেটে। আর চতুর্থ দিনের তৃতীয় সেশনে খেলা হয়েছে স্রেফ এক ওভার। পঞ্চম দিনেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আকুওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী সকালে রয়েছে বজ্রঝড়ের সম্ভাবনা। বিবিসির প্রতিবেদনও বলছে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে দুপুরের পর কিছু সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে বলে জানিয়েছে তারা।
পূর্বাভাস সত্যি হলে প্রথম সেশন ভেসে যেতে পারে বৃষ্টিতে। ভেসে যেতে পারে দ্বিতীয় সেশনের বড় একটি অংশও। তবে তৃতীয় সেশনে সময় মিলতে পারে টাইগারদের। আলো কতোটা থাকবে সেটাও দেখার বিষয়। তবে যতটুকু সময় মিলবে তা জয় তুলে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে টাইগারদের জন্য।
