আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে, এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় সোমবার বিকেলে দক্ষিণ কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ‘আজ বিকেলে, শরীরে বিস্ফোরক বহনকারী এক ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে একজন নারী।"
এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারপর থেকে দেশটিতে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবান সরকারও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
কিন্তু খোরাসান প্রদেশে আইএসআইএল (আইএসআইএস) এর সহযোগী সংগঠন সক্রিয় রয়েছে এবং তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক, বিদেশি এবং তালেবান কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে।
ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি