আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার প্রত্যাশা অনেক। বিগত মাফিয়া সরকার সারাদেশের মানুষকে কার্যত জিম্মি করে রেখেছে। দলীয় ও প্রশাসনকে ক্যাডারের ভূমিকায় রেখে জনতার বাকস্বাধীনতাও কেড়ে নিয়েছে। সারাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। গুম খুনের রাজত্ব কায়েম করেছে। অভিযানের নামে ভিন্নমত দমন ছিলো প্রধান টার্গেট।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ আরও বলেন, যৌথবাহিনীর অভিযানে কোনো অবস্থাতেই যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। বিগত বছরের সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অবৈধ সকল অস্ত্র ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন করতে হবে।
নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে আলোচনা করেন, সহসভাপতি আবদুল আউয়াল, প্রচার সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, কামাল হোসাইন, শেখ আবু তাহের, গোলামুর রহমান আজম প্রমুখ।
