বোয়ালমারীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

ফরিদপুরের বোয়ালমারীর চৌরাস্তায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন—লন্ড্রি ব্যবসায়ী মিন্টু রায়, ওষুধ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী আকিজ মোল্যা, ক্ষুদ্র যন্ত্রাংশ ও মোটর মেরামত কারবারি মিতুল শেখ, বালু ব্যবসায়ী রওশন মোল্যা ও সেলুন ব্যবসায়ী গৌতম। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্টেশন রোডের উত্তর পাশে টিনশেঠ একটি দোকানে ধোঁয়া দেখতে পায় পথচারীরা। মুহূর্তে কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বোয়ালমারী ফায়ার ব্রিগেড এন্ড সিভিল সার্ভিসকে খবর দিলে অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ততক্ষণে আগুন টিনশেঠ ঘরের ৫টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দল প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু রায় বলেন, ‌‘সব মিলিয়ে পাঁচটা দোকানে প্রায় ৪০ থেকে ৫০  লাখ টাকার মালপত্র ছিল। আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। নিজেদের পুঁজি আর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করে বেঁচে ছিলাম। এখন সব শেষ হয়ে গেলো।’ 

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রনেন্দ্র নাথ চৌধুরী বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আমাদের অগ্নিনির্বাপক দল স্থানীয়দের সহায়তায় পানি দিয়ে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকানের সবকিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত