হাথুরুসিংহে ভালো কোচ, দলে তার অনেক অবদান: আফতাব আহমেদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করার পর বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের টেস্ট ইতিহাসের শ্রেষ্ঠ অর্জনের পরও কি হাথুরুকে বরখাস্ত করা হবে?  - এই প্রশ্নই এখন দেশের ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ অবশ্য হাথুরুর পাশেই দাঁড়ালেন। হাথুরু ভালো কোচ নয়- এটা মানতে তিনি নারাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই হার্ডহিটার লিখেছেন, ‘শুনলাম এই সিরিজের পর হাথুরুসিংহে চলে যাবেন। আপনি কি এখনো মনে করেন, হাথুরু ভালো কোচ নয়? আমি যা বুঝি, একজন ব্যক্তি হিসেবে তিনি কখনই কারও কথা শোনেন না। প্রটোকল অনুসরণ করেন না। আমি এসব নিয়ে একমত। কিন্তু সে ভালো কোচ নয়- এ বিষয়ে আমি একমত হতে পারলাম না। আপনি টি-টোয়েন্টি এবং ওয়ানডে জিততে পারেন, কিন্তু কোয়ালিটি না থাকলে টেস্ট জিততে পারবেন না। কারণ, এটা লংগার ভার্সনের ক্রিকেট। ভালো পরিকল্পনা এবং নির্দেশনা ছাড়া আপনি একটা ম্যাচও জিততে পারবেন না। তাই এই দলে হাথুরুসিংহের অনেক অবদান আছে।’

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এখন ফারুক আহমেদ। ২০১৬ সালে এই হাথুরুসিংহের একনায়কতন্ত্রের কারণেই তিনি প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন। এবার দায়িত্ব গ্রহণের আগেই তিনি হাথুরুকে সরানোর ঘোষণা দেন। শোনা যাচ্ছে, ভারত সফরের আগেই হাথুরুকে বরখাস্ত করা হতে পারে। তবে পাকিস্তান সিরিজ শেষ হলেও কোনো পক্ষ থেকেই এখনো বক্তব্য আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত