যুক্তরাষ্ট্রের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৪, কিশোর গ্রেপ্তার

  • যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে হাইস্কুলে বন্দুক হামলার ঘটনায় নিহত ৪, আহত ৯
  • হামলাধারী ১৪ বছর বয়সী এক কিশোর, কোন লড়াই ছাড়াই আত্মসমর্পণ করে সে
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের জর্জিয়াতে হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আটলান্টার উত্তর-পূর্বে উইন্ডার শহরের অ্যাপালাচি হাই স্কুলে এ হামলার ঘটনায় চারজন নিহত হয়েছে এবং নয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার এক কিশোর বন্দুকধারী এ হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

পরে বুধবার এক সংবাদ সম্মেলনে জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে যে, হামলাধারী ১৪ বছর বয়সী এক কিশোর, তার নাম কোল্ট গ্রে। হামলার পর কোন লড়াই ছাড়াই আত্মসমর্পণ করেছিল সে। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত নয়।

নিহতদের মধ্যে দু'জন ছাত্র এবং দুজন শিক্ষক রয়েছেন। এছাড়া আহত নয়জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ জানান, স্থানীয় আইন প্রয়োগকারীরা বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে গোলাগুলির খবর পান। সাথে সাথেই একাধিক আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়।

জিবিআই ডিরেক্টর ক্রিস হোসি সাংবাদিকদের বলেন, স্কুলে আক্রমণকারীকে কঠিন পরিণতির মুখোমুখি করা হবে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে এবং হামলাকারী কিশোর হলেও তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হবে।

এছাড়া জিবিআই আরও বলেছে, ঘটনাস্থলে আইন প্রয়োগকারী সংস্থা এসেছে। তারা এলাকাটি সুরক্ষিত করতে কাজ করছেন। দয়া করে এই সময়ে কেউ স্কুলে আসবেন না।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গোলাগুলির ঘটনার বিষয়ে জানানো হয়েছে। আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রশাসন কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত