সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন লাগবে- এমন সিদ্ধান্ত নেয়নি সরকার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে- দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে' এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার হয়। সেমিনারে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়। সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাবার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

জনগণের নিকট সঠিক বার্তা প্রচারের স্বার্থে প্রকাশিত গণমাধ্যমসমূহে সংশোধনী প্রকাশের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত