কুষ্টিয়ায় শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধের ঘোষণা বৈষম্য বিরোধীদের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

কুষ্টিয়ায় কোনো শিক্ষককে লাঞ্ছিতের চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দিয়েছেন সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের নাম ব্যবহার করে কেউ তা করলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না বলে জানানো হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়ক মো. রাজিজুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর কিছু স্বার্থান্বেষী মহল আমাদের নাম ও ব্যানার ব্যবহার করে কিছু বিশৃঙ্খল কাজ করছে বলে আমরা শুনেছি। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনোভাবেই শিক্ষকের মর্যাদাহানি বা লাঞ্ছিতের ঘটনা ঘটানো যাবে না।

কুষ্টিয়া সরকারি কলেজের সমন্বয়ক রেজা হাসান বলেন, কেন্দ্রে থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই সংগঠনের নাম ব্যবহার করে কোনো ছাত্র-শিক্ষকের ওপর হামলা বা লাঞ্ছিত করলে আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

জেলা শাখার অপর সমন্বয়ক মৃদুল ইসলাম বলেন, একদল স্বার্থান্বেষী মহল হীনস্বার্থ চরিতার্থ করার জন্য গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এক্ষেত্রে কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র সমাজ আইনকে হাতে তুলে নেবে না।  

নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া সরকারি কলেজের এক ছাত্র নেতা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কলেজের প্রিন্সিপ্যাল স্যারের বিরুদ্ধে নানাবিধ গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কলেজের কতিপয় শিক্ষক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ঝোপ বুঝে কোপ বসাতে সময়ের সদ্ব্যবহার করতে চাইছে। আমরা এই নোংরা শিক্ষক রাজনীতির কৌশল বুঝতে পেরেছি। আমরা এখন আর তাদের কথায় নাচবো না। বরং এ জাতীয় নোংরামি থেকে এসব শিক্ষকদের বেরিয়ে আসার অনুরোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত