মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মাদারীপুরের দুধখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত মহাসিন আকন দুধখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহাসিন আকনের মেয়ে-জামাই আবু সাইদ বেপারীর সঙ্গে একই এলাকার হুমায়ুন মুন্সি ও শাহিন মুন্সির কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে নারী-পুরুষসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মহাসিন আকন। 

মহাসিন আকনের মেয়ে বলেন, ‘বোনের জামাইয়ের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হুমায়ুন মুন্সীর লোকজন আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে।’ 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত