ব্রাজিলের মাঠে ইকুয়েডরের দাপট মানতেই পারছেন না রদ্রিগো

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জয় খরা কাটিয়েছে ব্রাজিল। একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। কিন্তু ম্যাচটি যারা দেখেছেন, ব্রাজিলের খেলা তাদের মন ভরাতে পারেনি। ম্যাচ শেষে রদ্রিগো বলেছেন, ঘরের মাঠে এসে প্রতিপক্ষ দল দাপট দেখিয়ে যাবে- এটা তিনি মানতেই পারছেন না।

বিশ্বকাপ বাছাইয়ে এর আগে সর্বশেষ চার ম্যাচেই জয়হীন ছিল ব্রাজিল।  গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। এবার জয়ের স্বাদ নিয়ে রদ্রিগো বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল। জয়টা আমাদের প্রয়োজনও ছিল। আমরা ভালো না খারাপ খেলেছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। জানতাম, ম্যাচটি কঠিন হবে। মৌসুমের শুরুটা সব সময়ই কঠিন। সামনে লম্বা পথ আর অনুশীলনের জন্য বেশি সময়ও নেই আমাদের হাতে।’

 

রদ্রিগো মনে করেন, তার দলকে আরও উন্নতি করতে হবে। ব্রাজিলের মাটিতে প্রতিপক্ষ দল দাপট দেখাবে- এটা হতে পারে না। তার ভাষায়, ‘জয় পেয়ে আমি খুশি। জাতীয় দলের হয়ে আরও একটি গোল পেলাম। এখান থেকে আমরা শুধু ভালোই করব। ইকুয়েডর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে। এটা হতে পারে না, বিশেষ করে আমাদের ঘরের মাঠে। আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব।’

বিশ্বকাপ বাছাইয়ে এ জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠল ব্রাজিল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত