‘শান মাসুদ চালাকচতুর, কিন্তু পাকিস্তান দল সামলানো কঠিন’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

বাংলাদেশের কাছে ঘরের মাঠের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর এখনও পাকিস্তানের লাল বলের অধিনায়ক শান মাসুদ স্বপদে বহাল আছেন। তবে পাকিস্তানের ক্রিকেটে যে পরিমাণ নাটক চলে, তাতে যে কোনো মুহূর্তেই তার নেতৃত্ব চলে যেতে পারে। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য শান মাসুদের কোনো দোষ দেখছেন না। তার মতে, পাকিস্তান দলটা সামলালো খুব কঠিন।

পাকিস্তানের ড্রেসিংরুম নিয়ে নিয়মিতই নানা নেতিবাচক খবর বাইরে আসে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়েই শান মাসুদ এবং শাহিন আফ্রিদির দ্বন্দ্ব ফাঁস হয়ে যায়। পরে শান মাসুদ এটা উড়িয়ে দেন। এর আগেও শাহিন আফ্রিদিকে হুট করে নেতৃত্ব থেকে সরানোয় বাবর আজমের সঙ্গে তার দ্বন্দ্বের খবর এসেছিল। যদিও দুজনেই তা অস্বীকার করেন।

 
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, মাসুদ ভালো অধিনায়ক হলেও ড্রেসিংরুম নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তার ভাষায়, ‘শান মাসুদের জন্য খুব খারাপ লেগেছে। খুব চালাকচতুর ক্রিকেটার। আমি ওকে চিনি। অনেক বুদ্ধিদীপ্ত কথা বলে। অধিনায়ক হিসাবে ভালো হতেই পারে। কিন্তু এই পাকিস্তান দলকে সামলানো বেশ কঠিন। পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম সেই দলে আছে। ড্রেসিংরুম নিশ্চিতভাবেই ঠিক নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত