পান্তের টেস্ট প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের বিপক্ষেই

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

২০২২ সালের ডিসেম্বরে সবশেষে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন রিশভ পান্ত। মিরপুরে হওয়া ওই টেস্টে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। কদিন বাদে ভারত সফরে যাবে জাতীয় দল। এই সিরিজ দিয়েই আবার টেস্ট প্রত্যাবর্তন হতে পারে ভারতীয় এ উইকেটকিপার ব্যাটারের।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন পান্ত। গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরে ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে দলে ফেরাটাও সম্পন্ন হয়েছে। এবার টেস্টের পালা। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। ঘরোয়া দুলিপ ট্রফিতে অংশ নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বলা যায় আসন্ন সিরিজে জায়গার জন্য পরীক্ষা দিচ্ছেন তারা।

পান্তের অনুপস্থিতিতির সময়টায় টেস্টে ভারতের হয়ে কিপিং করেন একাধিকজন। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ধ্রুব জুরেল সামলান উইকেটের পেছনের দায়িত্ব। জুরেল এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ ফিফটিতে করেছেন ১৯০ রান। নৈপুণ্য ভালো হলেও পান্ত ফিরলে ছাড়তে হতে পারে জায়গা।

ভারত 'বি' ও ভারত 'এ' দলের মধ্যকার চার দিনের ম্যাচে অবশ্য দুজনের কেউই রান পাননি। প্রথম ইনিংসে 'বি' দলের হয়ে পাঁচে নেমে ১০ বলে স্রেফ ৭ রান করেন পান্ত। 'এ' দলের হয়ে ১৬ বলে ২ রান করে আউট হন জুরেল। দ্বিতীয় ইনিংসে অবশ্য ফিফটি তুলে নিয়েছেন পান্ত। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে এই ম্যাচের পরই রোববার স্কোয়াড ঘোষণা হতে পারে। নির্বাচকরা যদি মনে করেন পান্ত টেস্ট খেলার মতন ফিট তাহলে জুরেল রান পেলেও তিনি দ্বিতীয় বিবেচনায় আসবেন। অনুমিতভাবেই ৩৩ টেস্টের ক্যারিয়ারের পান্ত প্রমাণ করেছেন তিনি এই সংস্করণে কতটা প্রভাব বিস্তারি খেলোয়াড়। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত