তহবিল সংগ্রহেও ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

জনমত সমীক্ষার পরে এবার তহবিল সংগ্রহেও প্রতিদ্বন্দ্বী সাবেক ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা হ্যারিস। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পরিসংখ্যান বলছে কমলার প্রচার তহবিলে মোট ৪০ কোটি ৪০ লক্ষ ডলার জমা হয়েছে। অপরদিকে ট্রাম্পের তহবিলে জমা হয়েছে ২৯ কোটি ৫০ লক্ষ ডলার। খবর সিএনএন ও রয়টার্সের।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিধি অনুযায়ী ভোটের আনুষ্ঠানিক ঘোষণার পরে এক জন প্রার্থী ১০০ কোটি ডলার খরচ করতে পারেন। পরিসংখ্যান বলছে, মূলত আগস্ট মাসে তহবিল সংগ্রহের অঙ্কেই ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা। 

ওই পরিসংখ্যান অনুযায়ী, শুধু আগস্ট মাসে কমলা ৩৬ কোটি ১০ লক্ষ ডলারের তহবিল সংগ্রহ করেছেন। আগস্টে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির সংগ্রহ মাত্র ১৩ কোটি ডলার। আগস্টে কমলার ১৩ লক্ষ নতুন দাতার তিন-চতুর্থাংশই ২০২০ সালের নির্বাচনে কোনো আর্থিক অনুদান দেননি। দাতাদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই নারী। এমনকি, প্রতি পাঁচজনের মধ্যে একজন দাতা ঘোষিত রিপাবলিকান বা দলহীন ব্যক্তি।

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এই প্রবণতা বজায় থাকলে হোয়াইট হাউসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট আসীন হবেন বলে বিশ্লেষকদের একাংশের ধারণা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত