মৌলভীবাজারে বিএনপিতে চলছে অপপ্রচারের রাজনীতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

মৌলভীবাজার বিএনপিতে চলছে অপপ্রচারের রাজনীতি। সেখানে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে নেতৃত্ব দেওয়া নেতাদের বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে জানা গেছে। এর সর্বশেষ শিকার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তিদের দিয়ে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হুমকি ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে থানায় জিডি করা হয়েছে এই নেতার বিরুদ্ধে। অভিযোগ- এর নেপথ্যে কাজ করছেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রভাবশালী এক নেতা।

মৌলভীবাজার বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, গত ১০ আগস্ট প্রভাবশালী ওই নেতার বাসভবনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয়। কথা না শোনায় তিনি অনেকের বিরুদ্ধে নাখোশ হন। এর মধ্যে জাকির হোসেন উজ্জলসহ রাজপথে থাকা অনেকে রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের ঠিকাদারী কাজের সুবিধাভোগী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহসভাপতি বাদশা মিয়া (কাজল)কে দিয়ে তেল-গ্যাস কাজ বাগিয়ে নেওয়ার আভিযোগে শ্রীমঙ্গল থানায় জিডি করানো হয়। একই অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

বাদশা মিয়া জিডিতে যে প্রজেক্টের কথা উল্লেখ করেছেন, সেই মীর আক্তার হোসেন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান সাংবাদিকদের জানিয়েছেন, ‘উজ্জ্বল আমাকে সরাসরি ফোন করেননি। তবে উনার পরিচয় দিয়ে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে অনুরোধ করেছিলেন কাজটি ওনাকে দেওয়ার জন্য।’ এদিকে জাকিরের বিরুদ্ধে কাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কমলগঞ্জের বিএনপি নেতা হারুন মিয়া ও তার সহযোগী কুতুব মিয়াকে গালি-গালাজ ও হুমকি ধমকির যে অভিযোগ করা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

কাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হারুন উর রশিদ বিএনপি মহাসচিব বরাবর উল্লেখিত অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর জবাব দেন। চিঠিতে তিনি জানান, উজ্জ্বল আমাদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি ধমকি প্রদান করেন বলে যে অভিযোগ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

জানতে চাইলে জেলা বিএনপির সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দলীয় কোন্দলের কারণে হয়তো কেউ উজ্জ্বলকে ফাঁসানোর অপচেষ্টা করছে। তিনি দলের একজন ত্যাগী নেতা, যিনি বিরোধী দলের আমলে অনেক মামলা ও হামলায় জর্জরিত হয়েছেন।

এদিকে জাকিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

জানতে চাইলে জাকির হোসেন উজ্জ্বল সাংবাদিকদের বলেন, আমাকে হেয় করার জন্য ও আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য এসব করা হচ্ছে। কিছুদিন আগে জেলা বিএনপির সভাপতির সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়। এরপর থেকে একটি চক্র দলের ভেতরে আমাকে কালার করার জন্য এসব করাচ্ছে। এ ছাড়া কোম্পানির ম্যানেজার যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি পরে তা প্রত্যাহার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত