পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ এই বছরের এপ্রিলে এসেছিলেন বাংলাদেশের বোলিং পরামর্শক হিসেবে। ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সবশেষ পাকিস্তান সিরিজেও তার টোটকাই কাজে লাগিয়ে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে ড্রেসিংরুমে মুশতাককে এবারই প্রথম পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। আর প্রথম সাক্ষাতেই মিরাজের মনে ধরেছে কোচ মুশতাককে।
মিরাজ আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘মুশতাক আহমেদের সাথে প্রথম কাজ করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানুষ হিসেবে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেন এবং খেলোয়াড়দের সমর্থন দেওয়ার চেষ্টা করেন। খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেন। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে।’
পাকিস্তান সিরিজ জয়ের পর দলের সবাই মানসিকভাবে চাঙ্গা আছে। এ নিয়ে মিরাজ বলেন, ‘সবাই অনেক খুশি আছে, ভালো শেপে আছে। মানসিকভাবে ফ্রি না থাকলে আপনি কখনই ভালো খেলতে পারবেন না। সব চাপ নিয়ে একা খেলতে পারবেন না। এজন্যই সবার হেল্প দরকার-খেলোয়াড় থেকে শুরু করে কোচ’
তিনি যোগ করেন, ‘কোনো সফরের আগে নির্দিষ্টভাবে পরিকল্পনা করতে পারি না, চাপ হয়ে যায়। পাকিস্তান সিরিজের আগেও ভাবিনি ম্যান অব দ্যা সিরিজ হবো। দলের জন্য যেন খেলতে পারি, ভালো খেলতে পারি সেই চেষ্টা ছিল। প্রত্যাশা বেশি হলে চাপ হয়ে যাবে। স্বাভাবিক থাকার চেষ্টা করছি।'
বাজবলকে তুড়ি মেরে ওভাল টেস্ট জয় শ্রীলঙ্কার
জন্মদিনে গোলে জয়ের নায়ক মদরিচ অবসর নিচ্ছেন কবে!
নিজেকে আর ব্যাটসম্যান ভাবেন না পাকিস্তানের ‘চাচা’