ক্রিকেটের ২২ গজে ফিরছেন মাশরাফী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

জাতীয় দলের হয়ে সবশেষ দেখা গিয়েছিল চার বছর আগে। মাঠে সবশেষ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। দীর্ঘদিন বাইরে থাকার পর আবারও ২২ গজে ফিরছেন মাশরাফী বিন মোর্ত্তজা। যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে খেলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে তাকে দলে নিয়েছে ডেট্রয়েট ফেলকনস।

একই দলে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাকও। রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্যালকনস। মাশরাফীর দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডাভিড মালান, উইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন। আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

গত দুই বছরে ডেট্রয়েট ফ্যালকনসের স্বত্বাধিকারীর বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন মাশরাফী। এ বছর অবশ্য চোট আর বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে যান মাশরাফী। সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ক্রিকেট থেকে দূরে আছেন।

https://www.facebook.com/photo/?fbid=407234845722888&set=a.114160628363646

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুড়িয়ে দেওয়া হয় মাশরাফীর নড়াইলের বাড়ি। তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার নীরব ভূমিকায় প্রচুর সমালোচনাও হয়।

সব পেছনে রেখে মাশরাফি যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত