সিরাজগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি ও সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কোরবান আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহী ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে সলঙ্গা লুঙ্গিহাটায় কোরবান আলীকে বেধড়ক মারধর করেন তারা। অভিযুক্ত সেলিম এলাহী বনবারিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
আহত সাংবাদিক কোরবান আলি জানান, এদিন দুপুরে মোটরসাইকেলে লুঙ্গিহাটায় গেলে সেলিম এলাহী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে। তিনি গুরুতর আহত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়।
কোরবান আলি বলেন, তার সাথে আমার পূর্ব কোনো বিরোধ নেই। আমি স্থানীয় আওয়ামী লীগের সদস্য। এ কারণে এ হামলা হতে পারে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অপরদিকে এ বিষয়ে জানতে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহীর মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি।
এলাকাবাসী জানিয়েছে, সেলিম এলাহী এলাকায় পুকুর খনন, মাটির ব্যবসা ও মাদক কারবারের সাথে জড়িত। এ নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে নিউজ হয়েছে। ফলে সাংবাদিক দেখলেই তিনি খেপে যান। এ কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে। সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বরাদ্দ নিয়েও গণভবন ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা